August 3, 2026, 9:54 pm
সোনারগাঁও খবর ডটকম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শর্টগান উঠে এসেছে। পরে পুলিশ সেটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে উঠে আসে। বিষয়টি জানাজানি হলে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পুলিশ জানিয়েছে, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply